নির্ধারিত নম্বর প্লেট ব্যবহারে কঠোর নির্দেশনা দিল ডিএমপি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৮:১৬ পিএম
ঢাকা মহানগরে যানবাহনে সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি (RFID) ট্যাগ ব্যবহারে কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১১ মে) ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে চলাচলকারী সব নিবন্ধিত যানবাহনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত রং, ডিজাইন ও আকারের নম্বর প্লেট যথাযথভাবে ব্যবহার করা বাধ্যতামূলক। কিন্তু অনেক যানবাহনে এসব নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
এতে আরও বলা হয়, কিছু গাড়িতে বিআরটিএর নম্বর প্লেট ব্যবহার না করে শুধুমাত্র হাতে লেখা বা পেইন্ট করা নম্বর ব্যবহার করা হচ্ছে। আবার অনেক যানবাহনের মালিক নম্বর প্লেটের অর্থ পরিশোধ করলেও নির্ধারিত প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি। এছাড়া অনেক ক্ষেত্রে উইন্ডশিল্ডে থাকা আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় পাওয়া যাচ্ছে, যা ট্রাফিক ব্যবস্থাপনায় জটিলতা তৈরি করছে।
ডিএমপি নাগরিকদের আহ্বান জানিয়েছে, দ্রুত বিআরটিএ নির্ধারিত নম্বর প্লেট ও কার্যকর আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে। একই সঙ্গে ট্যাগ ঠিকভাবে কাজ করছে কি না, সেটিও যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, আগামী সপ্তাহ থেকে এসব নিয়ম না মানা যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে জরিমানাও অন্তর্ভুক্ত থাকবে।
ডিএমপি আরও জানিয়েছে, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে এ উদ্যোগে সবাইকে সহযোগিতা করতে হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
