উচ্চশিক্ষা সংস্কার নিয়ে ঢাবিতে দিনব্যাপী কর্মশালা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৫:০০ এএম

তারেক রহমান ছবি: সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর বিষয়ক একটি জাতীয় কর্মশালা। এই কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটিই তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি আরও জানান, উদ্বোধনী পর্বের পর পাঁচটি পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের উপযোগিতা বৃদ্ধি, সফট স্কিল উন্নয়ন এবং চাহিদাভিত্তিক শিক্ষা, শিল্প ও শিক্ষাক্ষেত্রের পারস্পরিক সহযোগিতা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন নিয়ে আলোচনা হবে।

এছাড়া ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অন্তর্ভুক্তির বিষয়, শিক্ষক দক্ষতা উন্নয়ন, গবেষণার মান বৃদ্ধি ও আন্তর্জাতিকীকরণ এবং শিক্ষা ব্যবস্থাপনা, মান নিশ্চিতকরণ ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা খাতে বাস্তবায়নযোগ্য একটি নীতিগত রূপরেখা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।



বিষয়:



Top