বাজারে সিন্ডিকেট রোধে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১১:২২ পিএম

সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং কারসাজি রোধে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁওয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টিসিবি–এর ট্রাকসেল কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্যের সরবরাহ গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। গত বছর যেখানে ১০ হাজার ৯০০ টন পণ্য বিতরণ করা হয়েছিল, এবার তা বাড়িয়ে ১৪ হাজার টনে উন্নীত করা হয়েছে। ঈদের পাশাপাশি নিয়মিতভাবেও ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, টিসিবির উপকারভোগী তালিকা যাচাইয়ে বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। প্রায় ৫৯ লাখ কার্ড ভুয়া বা প্রশ্নবিদ্ধ ছিল। বর্তমানে যাচাই-বাছাই শেষে ৮০ লাখ কার্ড চূড়ান্ত করা হয়েছে এবং আরও ২০ লাখ নতুন উপকারভোগী যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশে আমদানিনির্ভর পণ্যের বাজারে একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে—এমন ধারণা সাধারণ মানুষের মধ্যে রয়েছে, যা মূল্যবৃদ্ধির সময় আস্থার সংকট তৈরি করে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার সরবরাহ ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নিচ্ছে।

তিনি জানান, নির্বাচিত কিছু পণ্যের জন্য কৌশলগত মজুত বা স্ট্র্যাটেজিক রিজার্ভ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি আমদানি থেকে খুচরা পর্যায় পর্যন্ত পুরো সরবরাহ চেইন এআইভিত্তিক সিস্টেমের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে বাজার পরিস্থিতি আরও স্বচ্ছভাবে পর্যবেক্ষণ করা যায়।

মন্ত্রী আরও বলেন, টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়াতে অংশীদারিত্বভিত্তিক নতুন মডেল নিয়েও কাজ চলছে। সরকারের লক্ষ্য হলো একটি স্বচ্ছ ও কার্যকর বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা, যেখানে কোনো ধরনের কারসাজি বা ম্যানিপুলেশন কার্যকর হতে না পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top