নারী উদ্যোক্তা প্রশিক্ষণ দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডা. জুবাইদা রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১১:১৮ পিএম

সংগৃহীত

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান।

পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)–এর বার্ষিক সমাবেশ ও আনন্দমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে একটি সুন্দর ও কাঙ্ক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব। নারীদের স্বনির্ভরতা ও উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়ানো হলে পারিবারিক ও সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানের শুরুতে ডা. জুবাইদা রহমান বিশেষ অতিথি ও আমন্ত্রিতদের সঙ্গে পুনাকের বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র উপভোগ করেন। পরে তিনি শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

তিনি আরও বলেন, প্রতিটি মেয়েকে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে সুযোগ সৃষ্টি করা জরুরি। পুনাকের কার্যক্রম আগামী প্রজন্মকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে অনুপ্রাণিত করছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় এবং পুনাক দেশের অর্থনীতি ও জিডিপিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুনাকের বার্ষিক প্রতিবেদন–২০২৬ উপস্থাপন করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top