সেই নবদম্পতিকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:২৭ পিএম
রাজধানীতে এক বিয়ের অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত হয়ে নববধূসহ অতিথিদের চমকে দেওয়ার একদিন পর নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর পক্ষে নবদম্পতির গুলশানের বাসায় উপহার পৌঁছে দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তিনি নবদম্পতির কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাও পৌঁছে দেন।
উপহার পেয়ে নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী এক সভা শেষে একটি বিয়ের অনুষ্ঠানে তিনি আকস্মিকভাবে উপস্থিত হন। তার হঠাৎ আগমনে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তখন বর অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন না। তবে তারেক রহমান নববধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে উপহার পাওয়ার পর নবদম্পতির পরিবার এটিকে তাদের জীবনের একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করে। সামাজিক অনুষ্ঠানে তার এমন উপস্থিতি সাধারণ মানুষের সঙ্গে তার সম্পৃক্ততার একটি ভিন্নধর্মী দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
