বাংলাদেশ-ওমান সম্পর্ক আরও জোরদারে গুরুত্বারোপ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:১৯ পিএম

সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত জামিল হাজী ইসমাইল আল বালুশি রোববার (১০ মে) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ওমান–এর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

এ সময় ওমানের রাষ্ট্রদূত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারকে তার সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ওমানের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।

ওমানে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়কে আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ‘শূন্য-সহনশীলতা’ নীতির বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বিদেশে দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানো বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার, যাতে তারা স্বাগতিক দেশের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি ওমানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top