অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:১৮ পিএম

সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে নির্মিত হলেও দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের পর তিনি এ নির্দেশনা দেন।

গত ১২ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক ছয়টি শিশু হাসপাতাল নির্মাণে প্রায় ৩২০ কোটি টাকা ব্যয় হলেও ভবনগুলো বছরের পর বছর অব্যবহৃত পড়ে আছে।

প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, দ্রুত হাসপাতালগুলো পরিদর্শন করে চালুর ব্যবস্থা নিতে। পাশাপাশি আগামী ২ জুন ২০২৬-এর মধ্যে বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে আরও আলোচনা হয়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে আংশিক চালু রয়েছে। ৫০০ শয্যার এই হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়–এর অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য হাসপাতাল দ্রুত চালুর তাগিদ দেওয়া হয়েছে।

অন্যদিকে নীলফামারীতে ১ হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কাজ দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, নীলফামারী সদর উপজেলায় হাসপাতালটি নির্মাণ করা হবে। এটি সরকারের নির্বাচনী অঙ্গীকার—প্রতিটি জেলায় আধুনিক সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট গড়ে তোলার পরিকল্পনার অংশ।

স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলে প্রায় দুই কোটি মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা এখনও সীমিত। দারিদ্র্য, স্বাস্থ্য অবকাঠামোর ঘাটতি ও দক্ষ জনবলের অভাবে জটিল রোগের চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মিত হলে এটি উত্তরাঞ্চলের একটি আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top