জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৭:৫৩ পিএম

সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

রোববার (১০ মে) রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম-এ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘কল্যাণ প্যারেড’-এ তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “পুলিশ প্রশাসন কোনো দলের নয়, এটি পরিচালিত হবে বিধিবদ্ধ আইন অনুযায়ী।” তিনি আরও বলেন, জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক তৈরি হলে অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে।

তারেক রহমান বলেন, থানায় আসা মানুষ যেন পুলিশের আচরণে রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা জরুরি। তিনি মনে করেন, পুলিশের মানবিক আচরণ সরকারের সফলতাকেও জনমনে ইতিবাচকভাবে তুলে ধরবে।

তিনি আরও বলেন, “বিপদে না পড়লে মানুষ থানায় যায় না। তাই থানায় যাওয়ার পর মানুষের মনে হতে হবে, তার বিপদ কমবে।”

প্রধানমন্ত্রী মাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও আর্থিক জালিয়াতি দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাইবার অপরাধ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডাটা বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সরকার মানবাধিকার সমুন্নত রেখে আইনের শাসন নিশ্চিত করতে চায় এবং গুম, অপহরণ বা বিচারবহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদ এবং আলী হোসেন ফকির-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top