সংসদ সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি ও জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠন করেছে সরকার। আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার, স্বচ্ছতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন গঠিত সেলের সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা।
সংসদীয় এলাকার উন্নয়ন কার্যক্রম সরাসরি তদারকির জন্য গঠিত উচ্চপর্যায়ের এ কমিটিতে আরও থাকছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের পরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসাইনমেন্ট অফিসার-১, গবেষণা কর্মকর্তা এবং প্রোটোকল অফিসার-১।
প্রজ্ঞাপনে সেলের দায়িত্ব ও কর্মপরিধিও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত উন্নয়ন কর্মসূচির তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা। পাশাপাশি প্রকল্পগুলোর প্রাথমিক যাচাই-বাছাই, জনস্বার্থ ও গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর দায়িত্ব পালন করবে এই সেল।
সরকারের সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।