২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৭০৮
হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৬:৩৭ এএম
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭০৮ শিশু।
রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০৫ জনের শরীরে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জনে।
এদিকে, একই সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫ জন। এছাড়া সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ জনে। সবমিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা কেন্দ্রে গেছে ১ হাজার ৫০৩ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ হাজার ২৭৮ জনকে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১৬ জন।
পরিস্থিতি মোকাবিলায় অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বিষয়:
