হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রতিটি পরিবারের জন্য দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।
রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবীর পল্লব এ রিট দায়ের করেন। এতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাত্র দুই মাসের কম সময়ে দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজারেরও বেশি। এর মধ্যে ২৯ হাজারের বেশি শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এদিকে, চলমান টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত সারা দেশে ১ কোটি ৭২ লাখের বেশি শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৯৬ শতাংশ। সরকার মোট প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকাদানের লক্ষ্য নির্ধারণ করেছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকা কার্যক্রম ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।