বন্ধ চিনিকল পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: শিল্পমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:৩৩ এএম
দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার পঞ্চগড় সুগার মিলস লিমিটেড কারখানা প্রাঙ্গণে আখচাষীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বন্ধ শিল্পকারখানাগুলো আবার উৎপাদনে ফিরিয়ে এনে কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করাই সরকারের লক্ষ্য। তবে চিনিকল চালুর ক্ষেত্রে আখচাষী, শ্রমিক এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লাভজনক পরিচালনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি জানান, বর্তমানে দেশের বেশ কয়েকটি চিনিকল বন্ধ রয়েছে। আবার চালু থাকা অনেক মিলও নানা সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হচ্ছে। অধিকাংশ মিলের বয়স ৫০ থেকে ৭০ বছর হওয়ায় আধুনিকায়ন, সংস্কার ও নতুন প্রযুক্তি সংযোজন ছাড়া কার্যকর পুনরুজ্জীবন সম্ভব নয়।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কোনো কোনো মিল নতুন যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে চালু করতে হবে, কোথাও অবকাঠামোগত সংস্কার প্রয়োজন, আবার কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। তবে সবক্ষেত্রেই শ্রমিকদের কর্মসংস্থান ও আখচাষীদের স্বার্থ রক্ষা করা হবে।
তিনি আরও বলেন, একটি শিল্পকারখানা সচল থাকলে এর সঙ্গে জড়িত বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ফলে বন্ধ মিলগুলো পুনরায় চালু করা দেশের অর্থনীতি ও দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির ও শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
বিষয়:
