পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৯:০৭ পিএম

ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করা না হয়, সে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরশাসন যেন পুলিশ সদস্যদের দেশের জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সেই শপথ আমাদের সবাইকে নিতে হবে।

রবিবার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত চার দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে ১০ থেকে ১৩ মে পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পুলিশের আধুনিকায়ন, পেশাদারিত্ব ও ঐতিহাসিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, শুধু স্মরণ করলেই দায়িত্ব শেষ হয় না, দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন সেই পুলিশ সদস্যদের আত্মত্যাগ রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একদিকে চট্টগ্রামে মেজর জিয়াউর রহমানের বিদ্রোহ ঘোষণা এবং অন্যদিকে রাজারবাগ পুলিশের প্রতিরোধ স্বাধীনতার সংগ্রামকে আরও বেগবান করেছিল। তবে তিনি সে সময়কার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বলেন, ১৯৭১ সালের মার্চ মাসে পাকিস্তানি সেনাদের সেনানিবাসে একত্র করা হলেও পুলিশ সদস্যদের কেন রাজারবাগে একসঙ্গে রাখা হয়েছিল, তা গবেষণার বিষয় হতে পারে।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর গঠিত বর্তমান সরকারের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের নির্যাতন ও হয়রানির শিকার জনগণ এখন শান্তি ও নিরাপত্তা চায়। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

পুলিশের সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের, বিশেষ করে নারী পুলিশ সদস্যদের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

তিনি আরও বলেন, শুধু বিদেশে নয়, দেশের মানুষের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর কুচকাওয়াজে অংশ নেওয়া পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

সবশেষে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানের মাধ্যমে পুলিশ সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের উপদেষ্টা, সংসদ সদস্য, পুলিশের মহাপরিদর্শক, বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top