রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৭:৪৩ পিএম
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর রাজারবাগে শুরু হয়েছে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। রোববার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুলিশ বাহিনীর সবচেয়ে বড় এ আয়োজনের শুরুতেই এসেছে বড় ধরনের পরিবর্তন। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা ‘বাংলাদেশ পুলিশ পদক’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক’ এবার স্থগিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছরে বিভিন্ন বিভাগে মোট ১০৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল। তবে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকায় অস্বচ্ছতা ও বিতর্কিত ব্যক্তিদের নাম থাকায় পদক প্রদান কার্যক্রম স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জানা গেছে, মনোনীতদের মধ্যে অন্তত ১১ জন অতীতেও আওয়ামী লীগ সরকারের সময় পদক পেয়েছিলেন। তাদের মধ্যে একজন কর্মকর্তা দুইবার পদক পাওয়ার তালিকায় রয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে। বিষয়টি ঘিরে পুলিশ বাহিনীর ভেতরে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, পুলিশ সপ্তাহের প্রথম দিনে যে পদক দেওয়ার কথা ছিল, তা আপাতত হচ্ছে না। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সরকারের ব্যয়সংকোচন নীতির কারণে এবারের আয়োজন সীমিত আকারে করা হয়েছে। আগে সাতদিনব্যাপী আয়োজন হলেও এবার তা চারদিনে সীমাবদ্ধ রাখা হয়েছে। কমানো হয়েছে অনুষ্ঠান ও অতিথির সংখ্যাও। তবে পুলিশ সদস্যরা এ আয়োজনের মাধ্যমে তাদের বিভিন্ন মৌলিক দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন।
এনএফ৭১/একে
বিষয়:
