পুলিশ সপ্তাহ শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৬:১৯ পিএম

ছবি: সংগৃহীত

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। এবারের আয়োজনের সবচেয়ে আলোচিত বিষয় হলো, প্রথমবারের মতো পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তবে পুলিশ বাহিনীর সবচেয়ে বড় এই আয়োজনের শুরুতেই এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া ‘বাংলাদেশ পুলিশ পদক’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক’ এবার স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিভিন্ন বিভাগে মোট ১০৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকায় অস্বচ্ছতা ও বিতর্কিত কয়েকজন সদস্যের নাম থাকায় পদক প্রদান কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, মনোনীতদের মধ্যে অন্তত ১১ জন অতীতেও আওয়ামী লীগ সরকারের সময়ে পদক পেয়েছিলেন। তাদের মধ্যে একজন কর্মকর্তা দুইবার পদক পাওয়ার তথ্যও সামনে এসেছে। বিষয়টি নিয়ে পুলিশ বাহিনীর ভেতরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অভিযান) খন্দকার রফিকুল ইসলাম বলেন, পুলিশ সপ্তাহের প্রথম দিনে পদক দেওয়ার পরিকল্পনা থাকলেও আপাতত তা হচ্ছে না। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সরকারের ব্যয়সংকোচন নীতির কারণে এবারের আয়োজন সীমিত আকারে করা হয়েছে। আগে সাতদিনব্যাপী হলেও এবার পুলিশ সপ্তাহ চলবে চারদিন। কমানো হয়েছে অনুষ্ঠান ও অতিথির সংখ্যাও। তবে এই আয়োজনের মাধ্যমে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

পুলিশ সপ্তাহ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।

এবারের বার্ষিক পুলিশ প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের সদস্যরা প্যারেডে অংশ নেবেন।

পুলিশ সপ্তাহের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে- প্রধানমন্ত্রীর পুনাক স্টল পরিদর্শন, কল্যাণ প্যারেড, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ, আইজিপি ব্যাজ ও শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত পুরস্কার বিতরণ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে সম্মেলন।

এছাড়া বিভিন্ন কর্ম-অধিবেশনে গত বছরের কার্যক্রম পর্যালোচনা করে আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। আগামী ১৩ মে পুলিশ সপ্তাহের সমাপ্তি ঘটবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top