আজ বিশ্ব মা দিবস: নিঃস্বার্থ ভালোবাসার মানুষটির জন্য বিশেষ দিন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৬:১৩ পিএম
মা- একটি ছোট্ট শব্দ, কিন্তু এর মধ্যেই জড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর ভালোবাসা, নিরাপত্তা ও নিঃস্বার্থ ত্যাগের গল্প। সন্তানের হাসির জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেওয়া মানুষটির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব মা দিবস। সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।
মা দিবস শুধু আনুষ্ঠানিক কোনো আয়োজন নয়, এটি মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন। ব্যস্ত জীবনের নানা ব্যস্ততায় অনেক সময় মাকে বলা হয় না, “মা, তোমাকে ভালোবাসি।” অথচ একজন মা সন্তানের জন্য নির্ঘুম রাত কাটান, অসুস্থতায় পাশে থাকেন এবং নিজের কষ্ট আড়াল করে রাখেন। তাই দিনটি মায়ের প্রতি ভালোবাসা ও অনুভূতি প্রকাশের অন্যতম উপলক্ষ হয়ে উঠেছে।
আধুনিক মা দিবসের সূচনা হয় যুক্তরাষ্ট্রে। ১৯০৭ সালে ফিলাডেলফিয়ার আনা জারভিস তার মা আনা রিভস জারভিসের স্মরণে একটি ছোট আয়োজন করেন। আনা রিভস জারভিস শিশু মৃত্যুহার কমানো ও মায়েদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করতেন। মায়েদের ত্যাগ ও অবদানের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়।
পরবর্তীতে ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় প্রথম আনুষ্ঠানিকভাবে মা দিবস পালিত হয়। পরে ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে সরকারি মা দিবস হিসেবে ঘোষণা দেন। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হয়ে আসছে।
বাংলাদেশেও প্রতি বছর মা দিবসের গুরুত্ব বাড়ছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান নানা আয়োজন করে থাকে। অনেকে মাকে ফুল, শাড়ি কিংবা ছোট উপহার দেন। আবার কেউ মায়ের সঙ্গে সময় কাটানোকে সবচেয়ে বড় উপহার বলে মনে করেন।
বিশ্ব মা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ আয়োজন করেছে। বিভিন্ন খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ডেজার্ট, ফুল ও উপহারে বিশেষ ছাড় দিচ্ছে। পাশাপাশি গ্রাহকদের জন্য রাখা হয়েছে বিশেষ উপহার জেতার সুযোগও।
এদিকে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অভিনেত্রী ববিতাকে দেওয়া হবে ‘মা পদক ২০২৬’। চলচ্চিত্রে মায়ের চরিত্রে অভিনয় এবং ব্যক্তিগত জীবনে সন্তানের সুশিক্ষা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
বিশেষ দিনটি ঘিরে দেশের বিভিন্ন ফ্যাশন প্রতিষ্ঠান এনেছে নতুন সংগ্রহ। পাশাপাশি মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে বাজারে এসেছে নানা ধরনের উপহারসামগ্রী।
তবে অনেকেই মনে করেন, মায়ের প্রতি ভালোবাসা শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। মায়ের প্রতি সম্মান, যত্ন ও দায়িত্ববোধ হওয়া উচিত প্রতিদিনের। কারণ পৃথিবীতে অনেক সম্পর্কের সংজ্ঞা বদলালেও ‘মা’ আজও নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে বড় প্রতীক।
এনএফ৭১/একে
বিষয়:
