যে দিকে তাকাবেন শুনবেন নাই নাই, দেশকে টেনে তোলাই চ্যালেঞ্জ: মির্জা ফখরুল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৩:৩৭ এএম
দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির জন্য নতুন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আজ আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আমরা একটি ধ্বংসস্তূপের মধ্য থেকে সরকারে এসেছি। যে দিকে তাকাবেন, সেদিকেই শুনবেন নেই নেই অবস্থা। আসলে পরিস্থিতি এমনই। এই ধ্বংসস্তূপ থেকে দেশকে আবার জাগিয়ে তোলা, টেনে তোলা শুধু দল নয়, সরকার এবং রাষ্ট্রকেও এগিয়ে নেওয়াই আমাদের সামনে মূল চ্যালেঞ্জ।”
তিনি আরও বলেন, “এই চ্যালেঞ্জ মোকাবেলাই আমাদের প্রধান লক্ষ্য।”
শনিবার বিএনপি এবং এর সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আপনারা বড় ধরনের একটি সংগ্রাম শেষ করে এসেছেন। সেই সংগ্রাম ছিল দেশের মানুষকে রক্ষা করা, দেশকে রক্ষা করা এবং গণতন্ত্র রক্ষা করা। সেই সংগ্রামে আপনারা সফল হয়েছেন। আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে।”
তিনি বলেন, “আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আমাদের নেতা তারেক রহমান নির্বাসনে থেকেও নেতৃত্ব দিয়েছেন। দেশে একটি সফল পরিবর্তন এনেছেন এবং নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি।”
দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তার নেতৃত্ব ও নেতাকর্মীদের আত্মত্যাগকে স্মরণ করে আমাদের সবাইকে দলকে আরও সুসংগঠিত করতে হবে।”
তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও জোরদার করার তাগিদও দেন বিএনপির মহাসচিব।
রাজধানীর ফার্মগেট এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
সভায় সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:
