দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০১:৪৭ এএম

সংগৃহীত

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (৯ মে) নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৮ মে) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিল এবং ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। নিশ্চিত আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩ শিশু বরিশাল বিভাগের।

অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে ৩ জন ঢাকা বিভাগে, ২ জন খুলনায় এবং ১ জন সিলেট বিভাগে ছিল।

একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে, যার মধ্যে ৪৮৯ জন নিশ্চিতভাবে আক্রান্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৯১ শিশু।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাল রোগ, যা হাম (Measles) ভাইরাসের মাধ্যমে ছড়ায়। একজন আক্রান্ত শিশু থেকে একাধিক শিশু সংক্রমিত হতে পারে। রোগটি সরাসরি মৃত্যু না ঘটালেও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়, ফলে নিউমোনিয়া, ডায়রিয়া বা মস্তিষ্কের জটিলতা সৃষ্টি হয়ে মৃত্যু ঝুঁকি বাড়ে।

বিশেষজ্ঞদের মতে, হাম সাধারণত জ্বর, কাশি, হাঁচি এবং শরীরে র‍্যাশ বা ফুসকুড়ির মাধ্যমে শুরু হয়। জ্বর ও র‍্যাশ একসঙ্গে দেখা দিলে তা হাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চিকিৎসকরা জানান, এটি ভাইরাল রোগ হওয়ায় নির্দিষ্ট কোনো ওষুধ নেই, তবে উপসর্গ অনুযায়ী চিকিৎসা, জ্বর নিয়ন্ত্রণ, ভিটামিন এ সাপ্লিমেন্ট এবং জটিলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়াই প্রধান করণীয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top