এমপিদের প্রতিশ্রুত কর্মসূচি দ্রুত বাস্তবায়নে ৭ সদস্যের ‘সেল’ গঠন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০১:১২ এএম
সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সাত সদস্যের একটি বিশেষ ‘সেল’ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিশ্রুত কর্মসূচিগুলোর দ্রুত ও কার্যকর বাস্তবায়ন, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই সেল গঠন করা হয়েছে।
সেলের সভাপতির দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা। সদস্য সচিব হিসেবে দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-১।
এ ছাড়া সেলের অন্যান্য সদস্য হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, একান্ত সচিব-২, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরের পরিচালক, অ্যাসাইনমেন্ট কর্মকর্তা-১ এবং গবেষণা কর্মকর্তা।
প্রজ্ঞাপনে সেলের দায়িত্ব ও কর্মপরিধিও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংসদ সদস্যদের প্রতিশ্রুত কর্মসূচির চাহিদা গ্রহণ, তথ্য সংরক্ষণ ও সংকলন, প্রাথমিক যাচাই-বাছাই, জনস্বার্থ ও সম্ভাব্যতা বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণ এবং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরে সুপারিশ পাঠানো।
এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়ন তদারকি, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং অগ্রগতি পর্যালোচনার কাজও করবে এই সেল।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সেলের কার্যক্রম পরিচালনায় প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর থেকে অতিরিক্ত প্রতিনিধি বা জনবল যুক্ত করা যাবে।
এনএফ৭১/একে
বিষয়:
