খিলক্ষেত থানার কিছু অংশ আলাদা করে গঠন করা হবে “বসুন্ধরা থানা”
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৬, ০৯:৪৯ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-তে আরও চারটি নতুন থানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
শুক্রবার (৮ মে) রাজধানীর ৩০০ ফিট পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে আলী হোসেন ফকির এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার জানান, নতুন পরিকল্পনার মধ্যে অন্যতম হলো রাজধানীর বসুন্ধরা এলাকায় একটি নতুন থানা গঠন। এজন্য ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত থানার কিছু অংশ আলাদা করে “বসুন্ধরা থানা” করা হবে।
তিনি আরও জানান, রায়েরবাজার এলাকায় একটি নতুন থানার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে এবং সেটি দ্রুত অনুমোদনের চেষ্টা চলছে। পাশাপাশি খিলগাঁও এলাকা ভাগ করে একটি নতুন থানা এবং মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকার কিছু অংশ নিয়ে আরেকটি থানা গঠনের পরিকল্পনাও রয়েছে।
পূর্বাচল এলাকায় পুলিশি কার্যক্রম সম্প্রসারণের কথাও তুলে ধরে তিনি বলেন, সেখানে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাফিক ডিভিশন ও পুলিশ লাইনস স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া গত কয়েক মাসে প্রায় ৮ হাজার পুলিশ সদস্যের আবাসন সুবিধা উন্নত করা হয়েছে বলে জানান তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:
