ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে প্রথম ভিসি হিসেবে দায়িত্ব নিলেন ইসরাফিল শাহীন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ০৩:৫০ এএম
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে যাত্রা শুরু করা নবপ্রতিষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহীন।
বৃহস্পতিবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে অবসরের বয়সে পৌঁছালে তার মেয়াদ সেই সময়েই শেষ হবে।
উপাচার্য হিসেবে তিনি তার পূর্ববর্তী পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে ক্যাম্পাসে সার্বক্ষণিকভাবে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
ড. ইসরাফিল শাহীন বাংলাদেশের থিয়েটার জগতে একজন সুপরিচিত গবেষক, নির্দেশক ও শিক্ষক। তিনি ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতক সম্পন্ন করার পর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্ট্রিট থিয়েটারের ওপর পিএইচডি অর্জন করেন।
দীর্ঘদিনের একাডেমিক জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং দেশে-বিদেশে বিভিন্ন কর্মশালা ও গবেষণা কার্যক্রমে যুক্ত ছিলেন। থিয়েটারকে সমাজমুখী ও অংশগ্রহণমূলক শিল্পচর্চা হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
এনএফ৭১/ওতু
বিষয়:
