‘দেশের ইতিহাসে সবচেয়ে চমৎকার নির্বাচন’—ডিসি সম্মেলনে সেনাপ্রধানের মন্তব্য

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ০৭:৩৪ এএম

ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যেকোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব—সাম্প্রতিক নির্বাচন তারই প্রমাণ।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, জেলা প্রশাসকদের প্রতি তিনি ধন্যবাদ ও অভিনন্দন জানান। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা পাশে ছিলাম, তবে নির্বাচন আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব ছিল আপনাদের ওপর।”

তিনি আরও বলেন, একসময় দেশে আশা-নিরাশার মিশ্র পরিস্থিতি তৈরি হয়েছিল এবং অনেকেই মনে করেছিলেন নির্বাচন অনুষ্ঠিত হবে না। তবে সেই শঙ্কা ভুল প্রমাণিত হয়েছে।

ওয়াকার-উজ-জামান বলেন, “আমরা সেই ধারণা ভুল প্রমাণ করে দেশ ও জাতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছি। এটি কোনো ছোট অর্জন নয়।”

উল্লেখ্য, ডিসি সম্মেলনের শুরুতে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও বক্তব্য দেন।



বিষয়:



Top