“পুশ ইন” ইস্যুতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ০১:৫৫ এএম
ড. খলিলুর রহমান বলেছেন, পশ্চিমবঙ্গ-এ ক্ষমতার পরিবর্তনের পর যদি “পুশ ইন” ধরনের ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (৫ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকা সফররত একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সীমান্ত সংক্রান্ত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বাংলাদেশ গুরুত্ব সহকারে দেখবে এবং দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় তিনি আরও জানান, তিস্তা নদী মহাপরিকল্পনা নিয়ে আসন্ন চীন সফরে আলোচনা হবে। তার ভাষায়, “তিস্তা এলাকার মানুষের জীবন-মরণের বিষয় এটি। এই সমস্যার সমাধানে সরকারের অঙ্গীকার রয়েছে।”
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী তিস্তা অঞ্চলের সমস্যার স্থায়ী সমাধানে সরকার কাজ করছে এবং আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি তুলে ধরা হবে।
বিশ্লেষকদের মতে, সীমান্ত ইস্যু ও অভিন্ন নদীর পানি বণ্টন—এই দুই বিষয় আগামী দিনে ঢাকা-নয়াদিল্লি কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:
