যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে দেশে পৌঁছাবে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বিষয়টি নিশ্চিত করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি জানান, লিমনের মরদেহ ইতোমধ্যে একটি ফিউনারেল হোমে রাখা হয়েছে এবং ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
তিনি আরও জানান, মরদেহটি অরল্যান্ডো (এমসিও) বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২ মে রাত ৮টা ৫০ মিনিটে রওনা হবে। পথে দুবাইয়ে ট্রানজিট শেষে এটি ঢাকায় এসে পৌঁছাবে।
এদিকে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে এলাকার একটি ইসলামিক সোসাইটিতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার পুলিশ জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
একই ঘটনায় নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশও উদ্ধার করেছে পুলিশ। গত রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে মরদেহের অংশ উদ্ধার করা হয়।