নারীদের জন্য এলপিজি কার্ড সেবা চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১১:২৭ পিএম
রান্নার কষ্ট লাঘবে নারীদের জন্য এলপিজি (রান্নার গ্যাস) কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “নারীদের রান্নার কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বিএনপির রাজনীতি মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি।”
তিনি আরও বলেন, ডিগ্রি পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষাব্যবস্থা চালু করা হবে।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন দেশ পুনর্গঠনের সময়।” আগামী দুই থেকে চার মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়া অনেক কল-কারখানা পুনরায় চালু করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
খাল পুনঃখনন কর্মসূচি প্রসঙ্গে স্থানীয়দের স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি এবং কোনোভাবেই যেন জনসাধারণের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেন।
তারেক রহমান বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ হলে জনগণই তার জবাব দেবে। পাশাপাশি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
