বিশ্ব মেধাস্বত্ব দিবস: তরুণদের উদ্ভাবনে জোর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০২ এএম

ছবি: সংগৃহীত

বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এবারের প্রতিপাদ্য ‘মেধাস্বত্ব ও ক্রীড়া; প্রস্তুত হও, শুরু করো, উদ্ভাবন করো’ বর্তমান সময়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি উল্লেখ করেন, মেধাস্বত্ব সুরক্ষা নতুন ধারণা, উদ্ভাবন ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করে। একইসঙ্গে ক্রীড়াপ্রযুক্তি, প্রশিক্ষণ পদ্ধতি, ক্রীড়াপণ্যের ব্র্যান্ডিং, সম্প্রচার শিল্প ও ডিজিটাল কনটেন্টে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তারেক রহমান বলেন, বাংলাদেশ এখন তারুণ্যের শক্তিতে ভরপুর। তথ্যপ্রযুক্তি, কৃষি, শিল্প, গবেষণা ও স্টার্টআপ খাতে অগ্রগতির এই সময়ে মেধাস্বত্ব সুরক্ষা জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত।

তিনি আরও বলেন, উদ্ভাবক, গবেষক ও উদ্যোক্তাদের মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর সেবা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে। অনলাইন নিবন্ধন, দ্রুত সেবা, আইনগত সুরক্ষা এবং নকল পণ্য প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, জামদানি ও ইলিশসহ বাংলাদেশের নিজস্ব পণ্যের মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

পোস্টে তিনি ক্রীড়া খাতকে সম্ভাবনাময় অর্থনৈতিক ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন। ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা, নতুন প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সুবিধা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

সবশেষে, এসব উদ্যোগ দেশের ক্রীড়াভিত্তিক শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:



Top