নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১২:১০ এএম

সংগৃহীত

দেশের জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নাশকতার আশঙ্কা দেখা দেওয়ায় দেশজুড়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

গত ২৩ এপ্রিল একটি গোপন নির্দেশনার মাধ্যমে দেশের সব ইউনিটকে এ বিষয়ে সতর্ক করা হয়। নির্দেশনার পর রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের যোগসাজশের তথ্য পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। তাদের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনার তথ্যও তদন্তে উঠে এসেছে।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী সাহাবুদ্দীন জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনার ভিত্তিতে ঢাকা শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, গ্রেপ্তার হওয়া এক নিষিদ্ধ সংগঠনের সদস্যের কল রেকর্ড ও তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়টি জানা যায়। ওই ব্যক্তির সঙ্গে চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগ ছিল বলেও তথ্য পাওয়া গেছে।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং জনবহুল এলাকাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। তাই এসব স্থানে নজরদারি ও নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এটি আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এনএফ৭১/ওতু

 



বিষয়:



Top