ক্যালেন্ডারে যুক্ত হলো নতুন দুটি দিবস, একটিতে থাকছে ছুটি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩১ এএম
প্রতিবছর ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৭ নভেম্বর সরকারি ছুটি হিসেবে পালন করা হবে, তবে ৬ জুলাই কোনো ছুটি থাকবে না।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি।
তিনি জানান, পল্লী উন্নয়নে সচেতনতা ও কার্যক্রম জোরদার করতে ৬ জুলাই দিবসটি পালন করা হবে। অন্যদিকে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হবে এবং এদিন সরকারি ছুটি থাকবে।
মন্ত্রিপরিষদ বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।
এ সময় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব মোকাবিলায় জ্বালানি সংকট নিরসনে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রিপরিষদসচিব।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, মুক্তিযুদ্ধবিষয়ক, ভূমি, তথ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:
