বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪০ এএম
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপরিশোধিত তেলের তীব্র সংকটের কারণেই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।
তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে বর্তমানে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সাধারণ সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, গতকাল সোমবার বিকেলে সর্বশেষ তেল পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংকটের মধ্যেও মহেশখালীর একক পয়েন্ট নোঙর ব্যবস্থার পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন অপরিশোধিত তেল এবং সংরক্ষণ ট্যাংকের তলানিতে থাকা তেল ব্যবহার করে কার্যক্রম চালু রাখা হয়েছিল।
সাধারণ সময়ে প্রতিদিন গড়ে ৪ হাজার ৫০০ টন অপরিশোধিত তেল পরিশোধন করা হলেও সংকটের কারণে গত মাস থেকে তা কমিয়ে প্রায় ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। এমনকি মার্চের শুরুতে ব্যবহারযোগ্য তেলের মজুত ২ হাজার টনের নিচে নেমে আসে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ ডিজেল ও অপরিশোধিত তেল, যার একটি বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে এবং তা এই শোধনাগারেই পরিশোধন করা হয়।
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ রয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে নতুন চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে। ততদিন পর্যন্ত শোধনাগার কর্তৃপক্ষকে অপেক্ষা করতে হবে।
এনএফ৭১/একে
বিষয়:
