জাল সনদে নিয়োগ পাওয়া শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ০৪:৪২ এএম

ছবি: সংগৃহীত

দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাল সনদে নিয়োগ পাওয়া শিক্ষকদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া নির্দিষ্ট কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরেন তিনি।

সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা আনতে বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ কেন্দ্রীয় ব্যবস্থার আওতায় আনা, আর্থিক স্বচ্ছতার নীতিমালা প্রণয়ন, জাল সনদধারী শিক্ষক শনাক্তকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানভিত্তিক তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তিনির্ভর নানা পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। এর মধ্যে রয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক শ্রেণিকক্ষ স্থাপন, প্রতিটি শিক্ষকের জন্য পৃথক ট্যাব সরবরাহ কর্মসূচি, বিনামূল্যে ইন্টারনেট সুবিধা এবং শিক্ষক প্রশিক্ষণ জোরদার করা।

তিনি আরও জানান, শিক্ষক স্বল্পতা দূর করতে শূন্য পদের তালিকা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করতে চালু করা হয়েছে ডিজিটাল তদারকি ব্যবস্থা, যার মাধ্যমে শিক্ষক উপস্থিতি ও পাঠদান কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী অর্থবছরে সব শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকারিতা মূল্যায়ন পদ্ধতি চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে মাধ্যমিক শিক্ষার গতি বাড়াতে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ জোরদার এবং মাধ্যমিক স্তরে কারিগরি শিক্ষা যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতেও কাজ করছে সরকার।

এনএফ৭১/একে



বিষয়:



Top