দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠানো নিয়ে যা জানালেন মৎস্যমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১২:২১ এএম
দুর্গাপূজাকে সামনে রেখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার প্রধানের—এমনটাই জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন।
ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকার সরাসরি ইলিশ রপ্তানি করে না। বরং প্রতিবছর ভারতে দুর্গাপূজার সময় সৌজন্য হিসেবে সরকার টু সরকার ভিত্তিতে সীমিত পরিসরে কিছু মাছ পাঠানো হয়, যা বাণিজ্যিক রপ্তানি নয়।
তিনি আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকার প্রধানের এখতিয়ারভুক্ত। মৎস্য মন্ত্রণালয় এ বিষয়ে সরাসরি সিদ্ধান্ত নেয় না।
ইলিশ পাচার রোধে সরকারের অবস্থান তুলে ধরে মন্ত্রী জানান, এ বিষয়ে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় সভা করা হচ্ছে। আগামী দিনগুলোতে সব আইন প্রয়োগকারী সংস্থা একযোগে কাজ করবে—সমুদ্র থেকে শুরু করে বাজার পর্যন্ত নজরদারি জোরদার করা হবে।
তিনি বলেন, জাটকা নিধন রোধে বাজার, আড়ত ও ঘাটে তদারকি বাড়ানো হয়েছে, যাতে কোথাও অবৈধভাবে জাটকা বিক্রি না হয়।
এনএফ৭১/একে
বিষয়:
