বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ০৪:১৬ এএম

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। রবিবার জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিকের ৭১ বিধিতে দেওয়া জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

সংসদ সদস্য আব্দুল মালিক বলেন, বিগত ১৫ বছরে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি অবহেলা দেখা গেছে এবং অনেক অসাধু ব্যক্তি ভুয়া তথ্যের মাধ্যমে তালিকায় নাম অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করেছেন। তিনি বিশেষভাবে সিলেটের বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা এলাকার এই সমস্যার কথা উল্লেখ করেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, আগস্ট ২০২৪ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত সারা দেশে তদন্ত ও যাচাই-বাছাই করে ৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। ভুয়া মুক্তিযোদ্ধা বলতে কিছু নেই। তবে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি অসাধু উপায়ে তালিকায় ঢুকে পড়েছে। এদের চিহ্নিত করার কাজ চলমান প্রক্রিয়ার অংশ।”

মন্ত্রী আরও জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) উপকমিটি অভিযোগের ভিত্তিতে নিয়মিত শুনানি ও যাচাই-বাছাই করছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের সনদ ও গেজেট বাতিল করা হবে।

সিলেট অঞ্চলের মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে আহমদ আজম খান বলেন, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী এবং সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের স্মৃতিবিজড়িত এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ বা স্মার্ট আইডি না থাকলে দ্রুত প্রদান করা হবে। দক্ষিণ সুরমা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাজ দ্রুত হস্তান্তর করা হবে। এছাড়া বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ ও সংস্কারের কাজও সরকারের পরিকল্পনায় রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top