ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল, বাস ও রেল স্টেশনে উপচে পড়া ভিড়

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১১:৫২ এএম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ছেড়ে ঘরমুখো মানুষের ঢল নেমেছে সড়ক, রেল ও নৌপথে। এরই অংশ হিসেবে ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে উপচে পড়া ভিড়।

বুধবার ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া যাত্রীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। কেউ ব্যাগ হাতে, কেউ আবার শিশুদের সঙ্গে নিয়ে দীর্ঘ যাত্রার প্রস্তুতি নিয়ে ট্রেনের অপেক্ষায় সময় কাটাচ্ছেন। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেক যাত্রী ছাদে উঠে গন্তব্যের পথে রওনা হচ্ছেন।

স্টেশন সূত্রে জানা গেছে, সকাল সোয়া সাতটা পর্যন্ত ছয়টি আন্তঃনগর ও যাত্রীবাহী ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেছে। এর মধ্যে রয়েছে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস, কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর প্রভাতী এবং নারায়ণগঞ্জগামী যাত্রীবাহী ট্রেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সময়সূচি ঠিক রাখতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি যাত্রীর চাপ থাকায় ট্রেনের ভেতরে স্থান সংকট দেখা দিয়েছে, ফলে অনেকেই বাধ্য হয়ে ছাদে উঠছেন।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, ছাদে যাত্রী ওঠা বন্ধ রাখতে নিয়মিত চেষ্টা চালানো হয়। কিন্তু আসনের তুলনায় কয়েকগুণ বেশি যাত্রী উপস্থিত থাকায় অনেক সময় মানবিক কারণে কঠোর হওয়া সম্ভব হয় না। যদিও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

স্টেশনে গিয়ে দেখা গেছে, অনেক যাত্রী নির্ধারিত সময়ের অনেক আগেই এসে প্ল্যাটফর্মে অবস্থান নিচ্ছেন। কেউ বসে আছেন, কেউ পরিবার নিয়ে গল্পে মেতে উঠেছেন। সবকিছুর মধ্যেই ঈদে বাড়ি ফেরার আনন্দ স্পষ্ট। শিশুদের মধ্যেও ছিল উৎসবের উচ্ছ্বাস।

এদিকে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাব, পুলিশ, আনসার, গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি দেখা গেছে। প্রবেশপথ ও প্ল্যাটফর্মে বাড়ানো হয়েছে তল্লাশি ও নজরদারি।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি সবাইকে শৃঙ্খলা মেনে চলা এবং বৈধ টিকিট নিয়ে ভ্রমণের আহ্বান জানানো হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top