অতীতের জ্বালানি বিষয়ক চুক্তিগুলো ছিল অসম: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১১:৪১ এএম
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, জ্বালানি খাতে অতীতের সরকারগুলো যেসব চুক্তি করেছিল, সেগুলো ছিল অসম। ভবিষ্যতে দেশের স্বার্থ সংরক্ষণ করেই নতুন চুক্তি করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার বিকেলে সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন–এর সঙ্গে পৃথক বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিতুমীর।
তিনি বলেন, অতীতে জ্বালানি বিষয়ে যে চুক্তিগুলো হয়েছে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে এখন নতুনভাবে চিন্তা করা হচ্ছে। ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে কী ধরনের চুক্তি করলে তা বাংলাদেশের জন্য লাভজনক হবে, সেটিকেই এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগের মতো কোনো অসম চুক্তির পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়েও সতর্ক রয়েছে সরকার।
তিতুমীর আরও জানান, সরকার এখন ঋণের পরিবর্তে বিনিয়োগভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে জোর দিচ্ছে। চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগ ও শিল্পায়নের সংস্কৃতি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ভারতের পরিচয়পত্র ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে ‘এক নাগরিক এক কার্ড’ চালুর বিষয়েও সরকার ভাবছে।
এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে তাদের সঙ্গে পৃথক বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক প্রসঙ্গে তিতুমীর বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ২০১৬ সালে চীনের সঙ্গে হওয়া প্রায় ২০ বিলিয়ন ডলারের প্রকল্পগুলোর অগ্রগতি, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে আলোচনায়।
এনএফ৭১/একে
বিষয়:
