ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় কুমার ভার্মা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ০৬:৪৯ পিএম
প্রণয় কুমার ভার্মা আশাবাদ ব্যক্ত করেছেন যে ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রণালয়ে পৌঁছান ভারতের হাইকমিশনার।
হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। একই সঙ্গে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছেন। তিনি বলেন, বর্ডার হাট ও কয়েকটি স্থলবন্দর বর্তমানে বন্ধ রয়েছে। বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে সেগুলো শিগগিরই চালুর উদ্যোগ নেওয়া হবে।
তবে বৈঠকে ভারতীয় অর্থায়নে চলমান প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী।
এর আগে রোববার (১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে বৈঠক করেন প্রণয় ভার্মা। সেখানে তিনি জানান, বাংলাদেশিদের জন্য ভারত পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম স্বাভাবিক করবে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় ভিসা সেন্টারগুলো চালু ও ভিসা দেওয়ার হার বাড়ানোর অনুরোধ জানান। জবাবে হাইকমিশনার বলেন, বর্তমানে পর্যাপ্ত মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। তবে গত দেড় বছরে নিরাপত্তাজনিত কারণে ভিসা সেন্টারগুলো বন্ধ ছিল এবং ভিসা প্রদানের হার কম ছিল।
মন্ত্রী ভারতীয় ভিসা সেন্টারসহ ভারতীয় স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে আশ্বস্ত করেন।
হাইকমিশনার জানান, ভারতীয় ভিসার আবেদন এখন অনলাইনে নেওয়া হয় এবং ওয়েবসাইট হ্যাকের চেষ্টা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে তিনি অনুরোধ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর সাইবার ক্রাইম ইউনিট ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-কে প্রয়োজনীয় নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি হবে জনগণের পারস্পরিক যোগাযোগ, কোনো রাজনৈতিক দলের পারস্পরিক সম্পর্ক নয়। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সম্পর্ককে নবায়ন করতে চান বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, দুই দেশ অভিন্ন সংস্কৃতি ও ইতিহাসের অংশীদার। পারস্পরিক নির্ভরতাকে দুর্বলতা নয়, শক্তি হিসেবে দেখার আহ্বান জানান তিনি।
বৈঠকে সীমান্ত হত্যা প্রসঙ্গও উঠে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে হত্যার সংখ্যা দ্রুত শূন্যে নামিয়ে আনার আহ্বান জানান।
হাইকমিশনার ভারতের উন্নত প্রশিক্ষণ কর্মসূচির কথা তুলে ধরে Indian Technical and Economic Cooperation (আইটিইসি) প্রোগ্রামের আওতায় বাংলাদেশ থেকে আরও বেশি প্রশিক্ষণার্থী পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণে ভারতে পাঠানোর বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন
বৈঠকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের উপ-হাইকমিশনার পবন বাধে, কাউন্সেলর অভিজিৎ সপ্তর্ষি, প্রথম সচিব অ্যান মেরি জর্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিষয়:
