বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ০৯:২৯ এএম
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা-পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যে সৃষ্টি হয়েছে অস্থিরতা। এর প্রভাব এসে পড়েছে দেশের আকাশপথেও। পরিস্থিতির কারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।
এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মী এবং ইউরোপ ও আমেরিকাগামী সংযুক্ত যাত্রার যাত্রী।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে গিয়ে আটকে পড়া যাত্রীদের খোঁজখবর নেন। তিনি সরেজমিনে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জন্য নেওয়া সহায়তা কার্যক্রম তদারকি করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করে বিমানবন্দরের সামগ্রিক পরিস্থিতি ও যাত্রীদের দুর্ভোগ সম্পর্কে জানতে চান। মন্ত্রী তাকে জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যৌথভাবে যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করছে।
প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেন আরিফুল হক চৌধুরী। তিনি জানান, সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন। মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ইতোমধ্যে ৫০ জন যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আরও ৮০০ জনের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করেছে।
মন্ত্রী আরও জানান, ওমানের মাসকাটগামী একটি উড়োজাহাজে ভ্রমণের জন্য ৫৩ জন যাত্রী সিলেট থেকে ঢাকায় এসেছিলেন। তাদের যাত্রা বাতিল হওয়ায় হোটেলে থাকার ও সেহরির ব্যবস্থা করা হয়েছে। রোববার (১ মার্চ) শীতাতপ নিয়ন্ত্রিত বাসে তাদের সিলেটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় শনিবার বিকেল থেকেই ঢাকা থেকে সব উড়োজাহাজ চলাচল বাতিল করা হয়। আকস্মিক এ সিদ্ধান্তে বিমানবন্দরে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা অনিশ্চিত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এনএফ৭১/একে
বিষয়:
