নির্বাচন অংশগ্রহণমূলক করতে প্রস্তুত বিমান বাহিনী, মাঠে থাকবে ৩৭৩০ সদস্য
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ এএম
আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরবচ্ছিন্ন ও অংশগ্রহণমূলক করতে বাংলাদেশ বিমান বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি জানান, নির্বাচনী দায়িত্ব পালনে ৩ হাজার ৭৩০ জন বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
বৃহস্পতিবার বিমান বাহিনীর ঘাঁটি বাশারে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
বিমান বাহিনী প্রধান বলেন, পার্বত্য ও দুর্গম এলাকায় নির্বাচনের সময় ভোটের সরঞ্জাম পরিবহন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভিআইপিদের আনা–নেওয়াসহ বিভিন্ন লজিস্টিক সহায়তা দেবে বিমান বাহিনী।
তিনি বাহিনীর সদস্যদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা সজাগ থাকার নির্দেশনা দেন এবং বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য হবে না।
একই সঙ্গে তিনি সদস্যদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, কোনো পক্ষের হয়ে কাজ করা যাবে না, নির্বাচনকালীন সময়ে পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখাই হবে প্রধান লক্ষ্য।
বিষয়:
