ভাষা শহীদদের স্মরণে শুরু হলো ফেব্রুয়ারির গণনা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ এএম
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’—এই সুর আজও বাঙালির হৃদয়ে ধ্বনিত হচ্ছে। মহান ভাষা আন্দোলনের স্মৃতিমাখা মাসের শুরু হলো আজ, ফেব্রুয়ারির প্রথম দিন থেকে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মরণে বাঙালি জাতি এই মাসকে ভাষার মাস হিসেবে পালন করে। ফেব্রুয়ারির পুরো সময়টা ভাষা শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে কাটে।
১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি পালিত হয়।
ফেব্রুয়ারির শুরু থেকেই ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ সকল ভাষা শহীদদের স্মরণ করা হয়। তবে এবার জাতীয় সংসদ নির্বাচন ও রমজানসহ অন্যান্য ইস্যুর কারণে অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হচ্ছে না।
ভাষা আন্দোলনের ইতিহাসে জানা যায়, ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলি জিন্নাহ বলেছিলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু’। এতে প্রতিবাদ জানাতে ছাত্ররা ‘না’ বলে চিৎকার করেন। এরপর দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশ মিছিল দমন করতে গুলি চালায়। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকসহ অনেক ছাত্র শহীদ হন। তাদের আত্মত্যাগের বিনিময়ে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়।
বিষয়:
