ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভিসা প্রদানে নতুন নির্দেশনা
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ভিসা প্রদানে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। আগমনী ভিসাসহ (অন অ্যারাইভাল ভিসা) সব ধরনের ভিসার ক্ষেত্রেই এই নির্দেশনা প্রযোজ্য হবে।
সোমবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের সই করা এক আদেশে এসব নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বিদেশে অবস্থিত মিশন ও দূতাবাসে ভিসা প্রদানে কড়াকড়ি
নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান ভিসা নীতিমালা-২০০৬ ও পরবর্তীতে জারি করা প্রজ্ঞাপনের শর্ত যথাযথভাবে অনুসরণ করে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন ও দূতাবাস থেকে সুনির্দিষ্ট ভিসা দিতে হবে। একই সঙ্গে ভিসা প্রদানের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।
অন অ্যারাইভাল ভিসায় কঠোর যাচাই
বিনা ভিসায় আগত বিদেশিদের ক্ষেত্রে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা পরিপত্র অনুসরণ করে আগমনী ভিসা দেওয়ার কথা বলা হয়েছে। তবে অন অ্যারাইভাল ভিসা প্রদানের সময় আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, হোটেল বা আবাসস্থলের তথ্য, ফিরতি টিকিটসহ প্রয়োজনীয় কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। কোনো অনিয়ম, ব্যত্যয় বা সন্দেহ দেখা দিলে ভিসা দেওয়া যাবে না।
বিদেশি সামরিক সদস্যদের ক্ষেত্রে পূর্বানুমতি বাধ্যতামূলক
বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য বিশেষ ভিসা
নির্দেশনায় আরও বলা হয়, নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রয়োজনে তথ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ পর্যবেক্ষণে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্ধারিত নির্বাচনকালীন সময়ের জন্য ‘নির্বাচন পর্যবেক্ষণ’ লেখা সিলসহ আগমনী ভিসা দেওয়া হবে।
এক্ষেত্রে নির্বাচন কমিশনের সুপারিশে পর্যবেক্ষকদের জন্য ভিসা ফি মওকুফের সুযোগও রাখা হয়েছে।
নিরাপত্তা সংস্থার সমন্বয় জোরদারের নির্দেশ
আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থল ও নৌবন্দরে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান, আগমন ও প্রস্থানের সময় স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিদিন ভিসা তথ্য পাঠানোর নির্দেশ
এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ এবং আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও নৌবন্দর থেকে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান ও আগমন-প্রস্থানের বিস্তারিত তথ্য প্রতিদিন নিয়মিতভাবে এক্সেল ফরমেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বহিরাগমন অনুবিভাগ) বরাবর ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়:
