খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানানোয় প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের কৃতজ্ঞতা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:১৮ এএম

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দোয়া চাওয়ায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিয়মিত খোঁজখবর রাখছেন। পাশাপাশি প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা।

মানবিক এই উদ্যোগের জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।

এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রফেসর ড. ইউনূস। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”



বিষয়:



Top