বাংলাদেশে এসেছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম মুফতি ফজলুর রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০৯:৫১ এএম

ছবি: সংগৃহীত

মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান বাংলাদেশে পৌঁছেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের প্রতিনিধিরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, আগামী শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে অংশগ্রহণ করতেই মুফতি ফজলুর রহমানের বাংলাদেশ আগমন।

এর আগে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরি, পাকিস্তানে মুফতি ফজলুর রহমানের বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

‘খতমে নবুওয়ত’ দুটি আরবি শব্দ — খতম অর্থ ‘শেষ’ বা ‘সমাপ্তি’, আর নবুওয়ত অর্থ ‘নবীত্ব’। ইসলামি পরিভাষায় এটি অর্থ করে — নবীগণের ধারার সমাপ্তি। অর্থাৎ, মুহাম্মদ (সা.)-ই সর্বশেষ নবী।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন —

“মুহাম্মদ (সা.) তোমাদের কোনো পুরুষের পিতা নন; তিনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী, আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ।”
সুরা আহজাব : ৪০



বিষয়:



Top