৩ বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক:
নির্বাচন ঘিরে মাঠে নামছে ৯০ হাজার সেনা
মিঠু মুরাদ | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধান। শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় বাসভবন যমুনা-য় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌপ্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এসময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, “আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রধান উপদেষ্টা গত ১৫ মাসে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন।
বৈঠকে তিন বাহিনীর প্রধানরা জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সবধরনের প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হয়েছে। নির্বাচনকালে ৯০ হাজার সেনা, আড়াই হাজার নৌসদস্য এবং বিমানবাহিনীর সদস্যদের মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা দায়িত্ব পালন করবে।
এছাড়া, আসন্ন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান।
বিষয়:
