দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি
Nasir Uddin | প্রকাশিত: ৮ জুন ২০২৫, ১০:৪৮ এএম
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে পশু কোরবানি চলছে। রোববার (৮ জুন) সকাল থেকেই কোরবানি শুরু হয়। আর ধর্মীয় বিধান অনুযায়ীও এর সুযোগ রয়েছে। তিন দিন পর্যন্ত কোরবানি দেওয়া যায়।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কয়েকটি বাসার সামনে পলিথিন টানিয়ে পশু কোরবানির প্রস্তুতি চলছে। আবার অনেকেই ইতোমধ্যে পশু কোরবানি সম্পন্ন করেছেন। কোনো স্থানে রাস্তার পাশে মাংস কাটছেন, পাশে দাঁড়িয়ে কসাই নির্দেশনা দিচ্ছেন। কিছু দূরে শিশু-কিশোররা দাঁড়িয়ে কোরবানির দৃশ্য দেখছে। লালবাগের বউবাজার, টিকাটুলীর জনবহুল গলি, মুগদা ও বাসাবোর অভ্যন্তরীণ বেশকিছু সড়কেও একই চিত্র দেখা যায়।
সংশ্লিষ্টরা জানান, গতকাল ঈদের দিন কসাই সংকট এবং সময় ও প্রস্তুতির অভাবে কোরবানি করতে না পেরে অনেকেই আজ করছেন। কারও কারও গরু হাট থেকে বাড়ি পৌঁছেছে ঈদের দিন রাতে। আবার কেউ কেউ ইচ্ছে করেই ভিড় এড়িয়ে আজ কোরবানি করছেন, যাতে সময় নিয়ে কাজ করতে পারেন।
এদিকে, ঈদের পরদিনও দেশের বিভিন্ন জায়গায় চলছে বর্জ্য ব্যবস্থাপনার কাজ। বেশিরভাগ বিভাগীয় শহর, জেলা-উপজেলা ও পৌরসভায় নির্ধারিত সময়ের মধ্যেই পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। চট্টগ্রামে গতকাল সন্ধ্যার মধ্যেই বর্জ্য অপসারণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এবছর দ্রুত সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনার জন্য বাতিল করা হয়েছিল পরিচ্ছন্নতাকর্মীদের ঈদের ছুটি। সেই সঙ্গে সহায়তা করেছেন ছাত্র প্রতিনিধি, দলীয় কর্মী ও বিভিন্ন সংস্থার লোকজন।
প্রসঙ্গত, ধর্মীয় দিক থেকে ঈদুল আজহার দ্বিতীয় দিন অর্থাৎ ১১ জিলহজও কোরবানির জন্য গুরুত্বপূর্ণ। ইসলামের বর্ণনায় এ দিনটি মর্যাদাপূর্ণ বলে উল্লেখ রয়েছে। নবী করিম (সা.) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো কোরবানির দিন, এরপরের দিনটি। তাই অনেকেই আজও কোরবানি করছেন। শরিয়ত অনুযায়ী ১০ থেকে ১২ জিলহজ, মোট তিন দিন কোরবানি করার বিধান রয়েছে। এই সময়ের মধ্যে যে কোনো দিন কোরবানি দেওয়া বৈধ, তবে প্রথম দিন কোরবানি করা সবচেয়ে উত্তম। সময়মতো কোরবানি না হলে তার পরিবর্তে সদকা করারও নির্দেশ রয়েছে।
বিষয়:
