সাভারের পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

Nasir Uddin | প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৮:২৪ এএম

ছবি: সংগৃহীত

সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। মঙ্গলবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভারে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট। পরে আরো ৩টি ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, আমিনবাজারের আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। পরে আরও ৪টি ইউনিট সেখানে যায়।

আমিনবাজার পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী মাধব চন্দ্র সাহা বলেন, পাওয়ার গ্রিডের ট্রান্সফরমারে আগুন লেগেছে। তবুও আমরা এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করিনি।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।





Top