আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা
Nasir Uddin | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৭ এএম
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো টঙ্গীর তুরাগ নদীর তীরে আয়োজিত মুসলমানদের অন্যতম আয়োজন বিশ্ব ইজতেমা। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে চলে এক ঘণ্টারও বেশি সময়। এই ধাপে প্রথমে হেদায়েতি বয়ান এবং পরে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাদ আছর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানে শুরু হয় নিজামুদ্দিন মারকাজ (মাওলানা সাদ) অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা। এতে অংশ নেন দেশ-বিদেশের তাবলিগ জামাতসহ লাখ লাখ মুসল্লি। আজ সকাল থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে গাজীপুরসহ আশ-পাশের জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসেন।
আখেরি মোনাজাতে মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনা করেন। ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনায় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি স্রষ্টার দরবারে কান্নাকাটি করেন।
আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বিশ্বের পথভ্রষ্ট মুসলিমদের সঠিক পথে চলা এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তাওফিক কামনা করা হয়। এ সময় লাখো কণ্ঠে উচ্চারিত হয় আমিন-আমিন ধ্বনি।
এর আগে ৩১ জানুয়ারি শুরু হয় শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা। ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের শেষ হয় তাদের বিশ্ব ইজতেমা।
পরে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮ মিনিটে আখেরি মোনাজাতে শেষ হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দুপুর ১২টা ৮ মিনিটে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের।
বিষয়: বিশ্ব ইজতেমার ময়দান বিশ্ব ইজতেমা ইজতেমা টঙ্গী তুরাগ নদীর তীরে তুরাগ তীরে আখেরি মোনাজাত মাওলানা ইউসুফ কান্ধলভী
