পিনাকী-ইলিয়াসকে নিয়ে যা বললেন সারজিস
রাজীব রায়হান | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৪ পিএম
বিদেশে থেকে দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকেন লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও ড. কনক সরওয়ার। তাদের এই কর্মযজ্ঞ দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনাও জন্ম দেয়। এবার গণ-অভ্যুত্থানে ভূমিকা রাখার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেছেন, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির একটি অংশকে অন্তরের অন্তস্থল থেকে স্মরণ করতে চাই। আমরা যদি উদাহরণ স্বরূপ ইলিয়াস ভাই, পিনাকী দাদা, কনক সরওয়ারের কথা বলি, তাদের মতো এমন অসংখ্য ব্যক্তি ছিলেন; যারা ওই রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছেন এবং এখনো তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছেন। আমরা আমাদের এই ডায়াসপোরার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাই নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। যারা প্রবাস জীবন কাটিয়েছে তাদের সংসদেও আসা প্রয়োজন।
তিনি আরও বলেন, অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে শেখ হাসিনা মিডিয়ার গলা চেপে ধরে রেখেছিল। বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত। তারা নিউজের শব্দ ও বাক্য ঠিক করে দিত। কিন্তু দেশের বাইরে প্রবাসী ফিল্যান্সার সাংবাদিকেরা সাহস জুগিয়েছেন, খুনি হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন।
জাতীয় নাগরিক কমিটি আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত দেখতে চায় মন্তব্য করেছেন সারজিস আলম। রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলামোটরে সংগঠনটির কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটির ডায়াসপোরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিষয়: পিনাকী ইলিয়াস কনক সরওয়ার সারজিস আলম
