জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ

রায়হান রাজীব | প্রকাশিত: ৩০ মে ২০২৪, ০২:০৭ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীরউত্তম) ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ।

১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু সদস্যের হাতে নিহত হন তিনি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। 

প্রতিবছর দিনটি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। এবার ১৫ দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জিয়ার কবরে ফুল দেওয়া ও ফাতেহা পাঠ, দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্রসামগ্রী বিতরণ। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ১১ জুন পর্যন্ত।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল ‘কমল’। 

 

 

 





Top