আমি খুব একা আব্বু, আমার কষ্ট হয়
রায়হান রাজীব | প্রকাশিত: ২৭ মে ২০২৪, ০৫:১৩ পিএম
প্রত্যেক রাত তোমার জন্য আমার বালিশ ভিজে যায়। আমি জানি আব্বু তুমি দেখো আমাকে আমি কষ্টে আছি অনেক কিন্তু কি করবে বলো তুমি তো আর কথা বলতে পারো না আমার সঙ্গে। আমি তো এমনটা চাইনি কখনো। আমি খুব একা আব্বু। আমার কষ্ট হয় অনেক অনেক।
বাবার মৃত্যু যন্ত্রণায় কাতর ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। নিজের ভেতরের কষ্ট ও যন্ত্রণার কথা উল্লেখ করে গতকাল শনিবার রাতে ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি।
গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজিম। কলকাতার পার্শ্ববর্তী নিউ টাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনে এমপি আনোয়ার খুন হয়েছেন বলে গত বুধবার খবর পাওয়া যায়।
