জামায়াতের আমির-সেক্রেটারিসহ ৯৬ জনের বিচার শুরু
রায়হান রাজীব | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৩, ০৯:৫৮ পিএম
২০১২ সালে রাজধানীর মতিঝিল থানায় করা নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদসহ দলটির ৯৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এ মামলায় তাদের বিচার শুরু হলো।
বুধবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন।
মামলার সূত্রে বলছে, ২০১২ সালের ৫ নভেম্বর জামায়াত-শিবিরের ২০০ থেকে ৩০০ নেতা-কর্মী বেআইনিভাবে দলবদ্ধ হয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে তারা এ ধরনের কাজ করে। দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
এ ঘটনায় মিজানুর রহমান সুমন নামে এক ব্যক্তি বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে মোট ৯৭ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশের উপ-পরিদর্শক আউয়াল হোসেন। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় ২৭ জনকে অব্যাহতি দেওয়া হয়। একজন মারা গেছেন। এছাড়া চার্জশিটে সাক্ষী করা হয়েছে ১৪১ জনকে।
