জামিন পাননি ফখরুল-আব্বাস
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ১১:০৫ এএম
রাজধানীর পল্টন থানায় করা নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একইসঙ্গে রাজনৈতিক নেতা ও সম্মানিত ব্যক্তি হওয়ায় কারাকর্তৃপক্ষকে তাদের সর্বোচ্চ সুচিকিৎসার নির্দেশ দেন আদালত।
এদিন আসামিদের পক্ষে জামিন শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নুল আবেদীন, মাসুদ আহমেদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।
গত ৮ ডিসেম্বর দিনগত রাত তিনটার দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। পরেরদিন তাদের গ্রেফতার দেখায় ডিবি পুলিশ। ওইদিন বিকেলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়:
